বরিশালের গৌরনদীতে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর স্ত্রীসহ তিন নারীকে পিটিয়ে আহত করার ঘটনায় পৌর ছাত্রদলের চার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। এই ঘটনায় দুই আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃতরা হলেন:
- লাখেরাজ কসবা এলাকার মিজান আকনের ছেলে, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী আকন (৩৫)
- টরকীরচর এলাকার ইউসুফ আলী হাওলাদারের ছেলে, পৌর ছাত্রদলের কর্মী শওকত হাওলাদার (৩৮)
মামলা বুধবার রাতে গৌরনদী পৌরসভার টরকীরচর এলাকার ব্যবসায়ী আজিজুল হক হাওলাদারের স্ত্রী ছালমা আক্তার দায়ের করেন। মামলায় চারজনকে আসামি এবং ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আজিজুল ঢাকায় ব্যবসা করেন এবং গৌরনদীর টরকীরচর এলাকায় নির্মাণাধীন ভবনের তদারকি করতে আসেন। ২১ নভেম্বর তার বাড়িতে প্রবেশ করে আসামিরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর আগেও তারা “মিষ্টি খাওয়ার” অজুহাতে ১০ হাজার টাকা চাঁদা নিয়েছিল। দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় ২২ নভেম্বর বেলা ১১টার দিকে হামলা চালানো হয়, যার ফলে ছালমা আক্তার ও আরও দুই নারী আহত হন।
গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১টার দিকে বালুর মাঠে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

ডেস্ক রিপোর্ট 

























