মাঠের পারফরম্যান্স নয়, এবার নতুন লুক নিয়েই আলোচনায় ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।

বিশ্বকাপ শেষে ব্রাজিলের গোইয়ানিয়ার একটি ক্লিনিকে চিন হারমোনাইজেশন নামে একটি কসমেটিক প্রক্রিয়া করিয়েছেন ভিনিসিয়াস। এতে বিশেষ ফিলার ব্যবহার করে তার থুতনি ও চোয়ালের গঠন আরও ভারসাম্যপূর্ণ করা হয়েছে। চিকিৎসার পর প্রকাশিত ছবিতে তার চেহারায় স্পষ্ট পরিবর্তন দেখা গেছে।

নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই তার চেহারার সঙ্গে সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেসের মিল খুঁজে পান। বিষয়টি নিয়ে রসিকতায় যোগ দেন রামিরেস নিজেও।

এদিকে বিশ্বকাপে ব্রাজিল শেষ ষোলো থেকেই বিদায় নিলেও ব্যক্তিগতভাবে দারুণ ছন্দে ছিলেন ভিনিসিয়াস। পাঁচ ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করে ছিলেন দলের অন্যতম সেরা পারফর্মার।

নতুন লুকের পাশাপাশি ভিনিসিয়াসের ক্লাব ভবিষ্যৎ নিয়েও চলছে আলোচনা। যদিও রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ব্রাজিলিয়ান এই তারকাকে দীর্ঘদিন দলে রাখতেই আগ্রহী তারা।