ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তের মুখে পড়েছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি।
মেজর লিগ সকার (এমএলএস) জানিয়েছে, দলবদল প্রক্রিয়ায় লিগের নিয়ম ভঙ্গ হয়েছে কি না, তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগ উঠেছে, কাসেমিরোর সঙ্গে আলোচনা শুরুর আগে প্রয়োজনীয় ‘ডিসকভারি প্রায়োরিটি’ নিশ্চিত করেনি ইন্টার মায়ামি। এ অভিযোগ করেছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি।
যদিও ইন্টার মায়ামির দাবি, কাসেমিরোকে নিয়ে তারা এরই মধ্যে গ্যালাক্সির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। এরপরও তদন্ত চালিয়ে যাচ্ছে এমএলএস।
এদিকে কাসেমিরো জানিয়েছেন, তিনি নিজেই মায়ামিতে খেলতে চেয়েছিলেন। তার ভাষায়, পরিবারসহ এই শহরের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, তাই ইন্টার মায়ামিকেই বেছে নিয়েছেন।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে এমএলএস। তবে তদন্তের ফলের ওপরই নির্ভর করবে ইন্টার মায়ামির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না।

