এবার ব্রাজিলের সান্তা ক্যাটারিনা রাজ্যের পার্বত্য অঞ্চলে এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় বিশ্বখ্যাত ফুটবল তারকা নেইমার জুনিয়রের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক সহযোগী ব্রুনো আভেলার (৪১) নিহত হয়েছেন।
প্রতিকূল আবহাওয়ার মধ্যে সোমবার বিকেলে বেল ৪৩০ মডেলের হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার পর, উদ্ধারকারী দল পাহাড় ও বনাঞ্চল ঘেরা উরুবিসি অঞ্চল থেকে এর ধ্বংসাবশেষ এবং আরোহীদের মরদেহ উদ্ধার করে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় ব্রুনো আভেলার ছাড়াও ব্রাজিলের জনপ্রিয় কান্ট্রি মিউজিক শিল্পী রিক সলো (৫৯), একজন ভিডিও মেকার এবং দুই পাইলটসহ মোট পাঁচজন আরোহী প্রাণ হারিয়েছেন। প্রিয় বন্ধুর এমন আকস্মিক ও নৃশংস মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন নেইমার।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে নেইমার তাঁর দুঃসময়ে পাশে থাকার জন্য ব্রুনোকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “তোমাকে ধন্যবাদ, শান্তিতে ঘুমাও।” নিহত ব্রুনো আভেলার সান্তোস এফসি ক্লাবের বিভিন্ন প্রজেক্ট এবং নেইমার ইনস্টিটিউটের দাতব্য কাজের সাথেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 
























