জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের জুলাই জাতীয় সনদে সই করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘জুলাই সনদ জাতির জন্য এক মহামূল্যবান সম্পদ। এতে সবার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ প্রধান উপদেষ্টা আরও জানান, সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে কাজ করছে।
আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। বৈঠকের তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেন। অন্যান্য সদস্য ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোট এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ এবং জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই। এ বিষয়ে সরকারের দৃঢ় পদক্ষেপ প্রয়োজন।’
প্রধান উপদেষ্টা এনসিপিকে আশ্বস্ত করে বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন ইতিমধ্যে প্রক্রিয়াটি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।’
নাহিদ ইসলাম আরও জানান, ঐকমত্য কমিশনের সঙ্গে আইন বিশেষজ্ঞদের আলোচনার জন্য এনসিপির পক্ষ থেকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।

