কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকনের অশালীন মন্তব্যের প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে ফরিদা ইয়াসমিনের সমর্থকরা শহরে ঝাড়ু মিছিল বের করেন এবং এ সময় জাতীয় যুব সংহতির পৌরশাখার সাধারণ সম্পাদক সুমন বিশ্বাসের অফিসে ভাঙচুর চালান।

এর আগে বিকেলে উপজেলার আমলা বাজারে জাতীয় পার্টির (কাজী জাফর) আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে লিংকন ফরিদা ইয়াসমিনকে নিয়ে ওই অশালীন মন্তব্য করেন। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভেড়ামারার রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে।

পরদিন বুধবার আহসান হাবীব লিংকন সংবাদ সম্মেলন করে বলেন, “মুখ ফসকে বিএনপি নেত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য হয়ে গেছে। আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি।”

অন্যদিকে ফরিদা ইয়াসমিন জানান, শিষ্টাচারবহির্ভূত এ ধরনের বক্তব্যের জন্য তিনি লিংকনের বিরুদ্ধে মানহানির মামলা করবেন।