নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মুন্সীগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাজ্জাত হোসেন সাগরকে (৩২) ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মুন্সীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও হত্যার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি সাগর। সদর থানার সজল হত্যা মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এর আগে বুধবার রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বৃহস্পতিবার ভোরে তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় এবং দুপুরে আদালতে তোলা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফিরোজ কবীর বলেন, “গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাগর বাংলাদেশ ত্যাগ করেন। পরে দক্ষিণ কোরিয়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে দেশে ফেরত পাঠানো হয়। সম্প্রতি গোপনে ঢাকায় ফিরে আসার পর থেকে তাকে নজরদারিতে রাখা হয়।”
প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে মুন্সীগঞ্জে হাজারো মানুষ জড়ো হলে ছাত্রলীগ–আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। এসময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল। আহত হন শতাধিক মানুষ। এসব ঘটনায় তিনটি হত্যা মামলা ও একাধিক হামলা–হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়, যার মূল আসামিদের একজন সাজ্জাত হোসেন সাগর।

