কর্ণফুলীতে কিশোর নিখোঁজ, ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি; ‘আব্বু’ লিখে অজ্ঞাত নম্বর থেকে বার্তা

দুই দিন পর পরিবারের কাছে ফোন—টাকা না দিলে হত্যার হুমকি, উদ্বেগে স্বজনরা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জয়নাল হাসান মুহিন (ডাকনাম জিসান, ১৫) নামে এক কিশোর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজের দুই দিন পর তার পরিবারের কাছে মোবাইল ফোনে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে গ্যারেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি মুহিন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে তার মা জেসমিন আক্তার ২১ এপ্রিল কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরিবারের দাবি, ২১তারিখ রবিবার একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। ফোনে মুহিনের কণ্ঠ শোনানোর পর অপর প্রান্ত থেকে এক ব্যক্তি ৭ লাখ টাকা নিয়ে পটিয়া বাইপাস এলাকায় যেতে বলে। পরে আবার পটিয়া বাস কাউন্টারে আসতে বলা হয়। টাকা না দিলে রাতের মধ্যেই জিসানকে জবাই করে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

এরপর ২২ এপ্রিল আরেকটি অজ্ঞাত নম্বর থেকে ‘আব্বু’ লিখে একটি বার্তা পাঠানো হয়, যা পরিবারটির উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিষয়টি পুলিশকে জানানো হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। এতে তারা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে কর্ণফুলী থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, কিশোরকে উদ্ধারে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জিডিটির তদন্তে রয়েছেন থানার এসআই কিশোর।

অন্যদিকে, মনসুরাবাদ ডিবি পুলিশকে পৃথকভাবে বিষয়টি জানানো হলে তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও স্বজনরা।