মৌলভীবাজারের কুলাউড়ায় জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জুলাই যোদ্ধাদের নিয়ে প্রবাসে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ অশালীন মন্তব্য করেছেন প্রিন্স জাবেদ আহমদ নামে এক প্রবাসী আওয়ামী লীগ নেতা। তার বাড়ি কুলাউড়া উপজেলার ভূকশিমুইল ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের ইয়াকুব আলী বালা মিয়ার ছেলে। পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে পরিচিত তিনি।
বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের হাসান ডিব্বা-ফুজাইরাহ স্টেটে বসবাস করছেন বলে জানা গেছে। এলাকায় তার বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাস, প্রতিপক্ষের ওপর হামলা-মামলা-নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে কথিত প্রিন্স জাবেদ আহমেদ প্রবাসে নির্বিঘ্নে বসে জুলাই যোদ্ধাদের চরিত্রহননের মিশনে লিপ্ত রয়েছেন। সে নিয়মিত ফেসবুকে জুলাই যোদ্ধাদের নানা রকম হুমকি-ধামকি দিয়ে তাদের বিরুদ্ধে একের পর এক কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে যাচ্ছে। এতে এলাকার স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কথিত প্রিন্স জাবেদ আহমেদ বিভিন্ন পোস্টে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরুদ্ধেও কুৎসা রটাতে পিছপা হয়নি। তার এহেন কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী।
এ ছাড়াও গণ-অভ্যুত্থানের বীর সেনানী ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার পর পর এক পোস্টে জাবেদ উল্লাস প্রকাশ করে লিখে- ‘ওসমান হাদী গুলিবিদ্ধ/দ্রুত মৃত্যু কামনা করছি’।
কথিত প্রিন্স জাবেদ আহমদকে দুবাই থেকে ধরে এনে বিচারের মাধ্যমে কঠিন শাস্তি বিধানের জন্য সরকারের প্রতি জুলাই যোদ্ধাসহ এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।

ডেস্ক রিপোর্ট 























