বিশ্বকাপ শেষ, এবার নতুন মিশনে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই সফরের সম্ভাব্য গন্তব্যের তালিকায় রয়েছে ভারতের কলকাতা। সবকিছু ঠিক থাকলে, বহু প্রতীক্ষার পর সেলেসাওদের খেলতে দেখা যেতে পারে ইডেনের শহরে।
২০২৬ বিশ্বকাপের পর নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে ব্রাজিল। বিশ্বের বিভিন্ন অঞ্চলের সমর্থকদের আরও কাছাকাছি পৌঁছাতে একাধিক প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন—সিবিএফ।
দ্য মিন্ট–এর প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিতব্য নতুন ফিফা সুপার ডেটে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর মধ্যে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা।
এরপর অক্টোবরের শুরুতে ভারতের কলকাতায় আরও একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে। তবে ব্রাজিলের প্রতিপক্ষ কোন দল হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
সিবিএফ বলছে, ভারতসহ দক্ষিণ এশিয়ায় ব্রাজিলের বিপুল জনপ্রিয়তার কারণেই এই উদ্যোগ। ২০২৬ বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের ব্যাপক উপস্থিতি তাদের এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।
সব আনুষ্ঠানিকতা শেষ হলে খুব শিগগিরই কলকাতার ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর তা হলে দীর্ঘদিন পর ভারতের মাটিতে ব্রাজিলের ম্যাচ দেখার সুযোগ পাবেন উপমহাদেশের ফুটবলপ্রেমীরা।

ডেস্ক রিপোর্ট 























