সারসংক্রান্ত কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করতে তিন সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে।
কমিটির অন্য দুই সদস্য হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটিটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ এবং সার ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণ করবে এই কমিটি। একই সঙ্গে এসব বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে তারা।
কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়। সরকারের এই উদ্যোগের মাধ্যমে সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় আরও কার্যকর নজরদারি নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

ডেস্ক রিপোর্ট 


















