জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।
রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়া হালনাগাদের সময়সীমা শেষবারের মতো আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র নবায়ন করতে না পারা ব্যক্তি ও প্রতিষ্ঠান নতুন করে সুযোগ পাচ্ছেন। আগামী ২৯ অক্টোবরের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স হালনাগাদ করা যাবে।
তবে এই সময়সীমা পার হয়ে গেলে জরিমানা ছাড়া নবায়নের সুযোগ আর থাকবে না বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
তথ্যসূত্র: বাসস

ডেস্ক রিপোর্ট 




















