ভারতের সঙ্গে পারস্পরিক সমতা ও সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের কাছ থেকে প্রতিবেশীসুলভ আচরণ প্রত্যাশা করলেও তা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী এবং এই বাস্তবতা কেউ পরিবর্তন করতে পারবে না। তবে দুই দেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক সমতা ও সমমর্যাদার ভিত্তিতে।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের যে ধরনের প্রতিবেশীসুলভ আচরণ করা উচিত, তা তারা করছে না। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন জামায়াত আমির।
মতবিনিময় সভায় বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেরও সমালোচনা করেন তিনি। সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ২০টি অধ্যাদেশ পাস না করায় সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের চেষ্টা চলছে।
এদিকে ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান জানান, জামায়াতে ইসলামী ইতোমধ্যে ছায়া মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছে। পুরোপুরি প্রস্তুত হওয়ার পর এর সদস্যদের আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে।
বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনে গণমাধ্যমের সহযোগিতা চান জামায়াত আমির। তিনি বলেন, সম্পাদকরা তাদের লেখনির মাধ্যমে জাতির সামনে সত্য তুলে ধরেন। গণতান্ত্রিক উত্তরণে সেই সহযোগিতা প্রয়োজন।
সংসদকে কার্যকর করার ওপরও গুরুত্ব দেন তিনি। শফিকুর রহমান বলেন, সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় জামায়াত। সরকারের ভালো কাজে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী কাজে গঠনমূলক বিরোধিতা করা হবে।
সভা শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, দেশের বর্তমান পরিস্থিতি এবং সংসদের ভেতরে-বাইরে বিরোধী দল হিসেবে জামায়াতের দায়িত্বশীল ভূমিকা নিয়ে সভায় আলোচনা হয়েছে।
তিনি বলেন, ভালো কাজে সরকারকে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক বিরোধিতা—এই নীতিতেই থাকবে জামায়াত।
বাংলাদেশের রাজনীতি, আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়েও সম্পাদকদের সঙ্গে প্রশ্নোত্তর ও মতবিনিময় হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া সংসদে উন্নয়ন বরাদ্দ ও বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিরোধীদলীয় এমপিদের বৈষম্য, বিদ্যুৎ ও গ্যাস সংকট, দ্রব্যমূল্য, প্রবাসীদের অধিকার এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে ১১ দলীয় ঐক্য ও জামায়াত কোনো ছাড় দেবে না। জনগণের রায়ের পক্ষেই তারা থাকবে। সংসদের মাধ্যমে সমাধান না হলে জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ যে অবস্থানে থাকবে, জামায়াতও সেই অবস্থানেই থাকবে।
মতবিনিময় সভায় জামায়াতের শীর্ষ নেতারা ছাড়াও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 























