ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বনগাঁও বাজারের পাশ্ববর্তী ভরনিয়া বাজারে হরিপুর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আশরাফুল ইসলাম (৩৮) ও মো. সাদ্দাম হোসেন (৩০) নামের দুইজনকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
২৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে এ অভিযান চালানো হয়। আটক আশরাফুল ইসলাম হরিপুর উপজেলার বনগাঁও গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ১ নং গেদুড়া ইউনিয়নের ওয়ার্ড কমিটির নেতা এবং খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। অপরদিকে সাদ্দাম হোসেন একই উপজেলার বনগাঁও (মজিরপাড়া) এলাকার মো. নাকির হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল। তিনি জানান, “মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।”
১ নং গেদুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান বাবু বলেন, “আটক আশরাফুল ইসলাম ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য। তার এমন কর্মকান্ডে আমরা থানা কমিটির সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেব।”
এ বিষয়ে ১ নং গেদুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিরুল হক প্রধান ও সাধারণ সম্পাদক শহিদুজ্জামান বাবুও আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

