পঞ্চগড়ের সদর উপজেলায় সেনা অভিযান চালিয়ে ৯০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭ পুরিয়া গাঁজাসহ বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ২২২ পদাতিক ব্রিগেডের সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের লেফটেন্যান্ট ফরহাদ অর রশিদের নেতৃত্বে পঞ্চগড় সেনা ক্যাম্পের সদস্যরা এ অভিযানে অংশ নেন। সদর থানা পুলিশের একটি দলও ঘটনাস্থলে উপস্থিত ছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন—কামাত কাজলদিঘী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও খাগুরুপাড়া এলাকার জাহাঙ্গীর আলম (৪৫), ঘটবর এলাকার নবিরুল ইসলাম (৩৮) এবং পঞ্চগড় পৌরসভার রামের ডাংগা এলাকার আব্দুল কাইয়ূম (৫৭)।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে মাদক বিক্রির ৫ হাজার ৩৫০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

