জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. তাসনিম জারা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, তিনি জাতিসংঘে স্বাস্থ্যসেবা বিষয়ে বক্তব্য রাখছেন। এ নিয়ে সমালোচনা দেখা দেয় যে, সরকারি প্রোগ্রামে কেন তিনি একা উপস্থিত ছিলেন এবং অন্য দলের রাজনৈতিক নেতারা সেখানে উপস্থিত ছিলেন না।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে পোস্ট করে ডা. তাসনিম জারা বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি জানান, সরকারি শিডিউলের মধ্যে যে অবসর সময় ছিল, সেটিকে সবচেয়ে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য তিনি বিভিন্ন ‘সাইড ইভেন্টে’ অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় ব্যবসা প্রতিষ্ঠান, আইএনজিও ও থিঙ্কট্যাঙ্ক বিভিন্ন সাইড ইভেন্ট আয়োজন করে, যেখানে পেশাদার পরিচিতি বাড়ানোর সুযোগ থাকে।

ডা. তাসনিম বলেন, “এক সহকর্মী আমাকে জানালেন মেডট্রনিক ল্যাবস ও ব্র্যাক বাংলাদেশের প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে আলোচনা আয়োজন করছে। সময়টি আমার অবসর সময়ের মধ্যে পড়ছিল, তাই অংশ নেওয়ার সিদ্ধান্ত নেই। রাজনীতিতে আসার আগে আমি কম্পানি সহায় হেলথ থেকে মেডট্রনিক ল্যাবস ও ব্র্যাকের সঙ্গে পার্টনার হিসেবে কাজ করেছি। তখন আমি পূর্ব পরিচিতদের সঙ্গে যোগাযোগ করি।”

তিনি আরও জানান, অনুষ্ঠানটি ‘ইনভাইট-অনলি’ ছিল এবং সরকার থেকে তাকে সেখানে পাঠানো হয়নি। তিনি বলেন, “কিছু গণমাধ্যমে বলা হয়েছে আমি প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে ব্লুপ্রিন্ট দিয়েছি। এটি সঠিক নয়। সেশনটির টাইটেল ছিল ‘ব্লুপ্রিন্ট’, যেখানে অন্যরা কী নোট দিয়েছেন। আমি শুধু মেডিক্যাল ডিভাইস, প্রযুক্তি ও ইনোভেশন নিয়ে মন্তব্য করেছি।”

ডা. তাসনিম জারা উল্লেখ করেন, এটি একমাত্র অনুষ্ঠান নয় যেখানে তিনি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ নিয়ে অংশগ্রহণ করেছেন। প্রতিদিনের অবসর সময়কে তিনি বিভিন্ন কাজে ব্যবহার করার চেষ্টা করছেন এবং অন্য নেতারাও তাদের অবসর সময়ের মধ্যে বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন।