পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের একটি সাক্ষাৎকার নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে ওই পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম যমুনা টেলিভিশনের একটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন বলেও উল্লেখ করা হয়। পোস্টের কমেন্টে সাক্ষাৎকারটির লিংকও যুক্ত করা হয়।
পোস্টটির নিচে মন্তব্য করে সারজিস আলম লেখেন, ‘একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেইজ থেকে কি পোস্ট করা উচিত, সেই বিষয়ে আপনাদের মিনিমাম কমনসেন্স থাকা দরকার।’
সারজিসের এই মন্তব্যের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। মন্ত্রণালয়ের মতো একটি সরকারি প্রতিষ্ঠানের ভেরিফায়েড পেজে কী ধরনের কনটেন্ট প্রকাশ করা উচিত, তা নিয়েই মূলত বিতর্ক চলছে।

ডেস্ক রিপোর্ট 























