জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিনের নামে নির্মিত একটি তোরণে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে তোরণটি আংশিকভাবে পুড়ে যায়।
রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা–বাউফল সড়কের বাউফল পৌরসভার প্রবেশমুখে স্থাপিত তোরণটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা চালানো হয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা। মুজাহিদুল ইসলাম শাহিন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং বাউফল আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরিচিত। ফলে ঘটনাটি ঘিরে এলাকায় নানান আলোচনা শুরু হয়েছে।
ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা হাবিবুল্লাহ হাবিব জানান, গত কাল রাত ১০ দিকে বাড়ি যাওয়ার পথেও ভালো দেখে গেছি। আজ সকালে মানুষের মুখে শুনি আগুন দেওয়া হয়েছে, আমরা সকালে এসে দেখি আসলেই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ এটা ভালো ভাবে নেয়না। কারন একজন তরুণ রাজনৈতিকবিদ সে রাজনীতি করতেই পারে এজন্য প্রতিহিংসা করে তার পোষ্টার পোড়ানো বাউফলে শিক্ষিত মানুষ ভালো ভাবে নেয় না , নেবেও না।
ঘটনার বিষয়ে মুজাহিদুল ইসলাম শাহিন জানান, আমার ধারণা কোন রাজনৈতিক দুর্বৃত্তরা এগুলো করেছেন। তবে কে করছেন আমার কাছে সঠিক কোন তথ্য নেই , আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমি অভিযোগ করবো তারা খুঁজে বের করে যেন শাস্তির আওতায় আনেন। বাউফল থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান সরকার জানান, ঘটনার সময় রাত ১টার দিকে আমরা বিলবিলাশ বাজারে টহলে ছিলাম। আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমি উপস্থিত থেকে আগুন নিভাই। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেস্ক রিপোর্ট 
























