চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের আলোচিত জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকার একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের পানির ট্যাংকে সন্ত্রাসীরা বিষ মিশিয়ে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৫ জুলাই) রাতে বিষয়টি তদারকি করতে আসেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) নাজিমুল হক।
তিনি গণমাধ্যমকে বলেন, সন্ত্রাসীরা এ কাজটা করেছে মধ্যরাতে। কারণ তারা জানে ভোরে ঘুম থেকে উঠে অনেকে এ পানি ব্যবহার করে এবং কয়েকজন বিষমিশ্রিত পানি ব্যবহার করে অসুস্থ হয়েছে। তিন-চারজন সারা দিন পেটের পীড়ায় অসুস্থ হয়েছে।
ডিআইজি বলেন, বিভিন্ন ধরনের কীটনাশক জাতীয় ওষুধ তারা পানিতে দিয়েছে। সন্ত্রাসীরা বুঝে গেছে অস্ত্র দিয়ে আমাদের ঠেকানোর ক্ষমতা শেষ হয়ে গেছে। তাই তারা গুপ্তভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুরে অভিযানের পর থেকে আমরা নানামুখী বাধার সম্মুখীন হচ্ছি। এর আগে সন্ত্রাসীরা আমাদের ইলেকট্রিসি লাইন, পানির লাইন ও রাস্তা কেটে দিয়েছে। আমাদের সদস্যরা যেন এখানে থাকতে না পারে, এ জন্য এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে, মব সৃষ্টি করেছে।
অস্থায়ী এই ক্যাম্পে র্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা ছাড়াও এই ট্যাংকের পানি এখানকার স্কুলের শিক্ষার্থীরাও পান করে এবং ব্যবহার করে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ডেস্ক রিপোর্ট 


















