স্প্যানিশ সংবাদমাধ্যম এএস–এর তথ্য অনুযায়ী, চলতি গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সাইনিং হতে পারেন দিয়োমান্দে। মাত্র দুই মৌসুমে প্রথমে লেগানেস এবং পরে আরবি লাইপজিগে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর কেড়েছেন এই তরুণ উইঙ্গার। গত মৌসুমে বুন্দেসলিগার অন্যতম সেরা পারফরমার হিসেবে তার নাম ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
জানা গেছে, দিয়োমান্দেকে দলে ভেড়ানোর পরিকল্পনা রিয়াল মাদ্রিদের অনেক দিনের। তবে গত সপ্তাহে দুই ক্লাবের প্রতিনিধিদের সরাসরি বৈঠকের পর আলোচনা দ্রুত এগিয়ে যায়। এর আগেই খেলোয়াড়ের ব্যক্তিগত সম্মতি নিশ্চিত করে ফেলেছিল স্প্যানিশ জায়ান্টরা।
প্রতিবেদন অনুযায়ী, এই দলবদলে ট্রান্সফার ফি হতে পারে ১১৫ থেকে ১২০ মিলিয়ন ইউরোর মধ্যে। যদিও চুক্তি এখনও আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়নি, তবে সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সেটি ঘোষণা হতে পারে। বিশ্বকাপ চলাকালে দিয়োমান্দের সম্ভাব্য গন্তব্য হিসেবে পিএসজির নাম জোরালোভাবে শোনা গেলেও, নীরবে কাজ চালিয়ে যায় রিয়াল মাদ্রিদ। মাইকেল অলিসেকে ঘিরে চলা গুঞ্জনের আড়ালে দিয়োমান্দেকেই মূল লক্ষ্য বানায় লস ব্লাঙ্কোস। অনেকটা চেলসি থেকে মার্ক কুকুরেয়াকে দলে ভেড়ানোর সময়ের মতো কৌশল অনুসরণ করে তারা—অন্য ক্লাবগুলোর আগ্রহের অপেক্ষায় না থেকে সরাসরি ক্লাবের সঙ্গে আলোচনায় বসে চুক্তি এগিয়ে নিয়ে যায়।
এছাড়া দিয়োমান্দের বেতনও রিয়াল মাদ্রিদের নির্ধারিত বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলোচনায় বড় কোনো জটিলতা তৈরি হয়নি। এটিও চুক্তি দ্রুত এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দিয়োমান্দের সম্ভাব্য আগমন রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ দল গঠনের পরিকল্পনায়ও বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মাইকেল অলিসেকে নিয়ে যে গুঞ্জন চলছিল, তা কার্যত শেষ হয়ে গেছে। ক্লাব সূত্র আগেই অলিসেকে নিয়ে আগ্রহের খবর অস্বীকার করেছিল, আর দিয়োমান্দেকে দলে আনার অগ্রগতি সেই অবস্থানকেই আরও স্পষ্ট করেছে।

ডেস্ক রিপোর্ট 

























