পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে একসঙ্গে ৮০ মণ ইলিশ ধরা পড়ায় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সাগর থেকে ধরা এসব ইলিশ আলীপুরের সিফাত ফিসে নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে প্রায় ২০ লাখ টাকায়।
জানা গেছে, এফবি আব্দুল্লাহ নামে ট্রলারটি বাদশা মাঝির নেতৃত্বে ১৮ জন জেলেকে নিয়ে চারদিন আগে গভীর সাগরে মাছ ধরতে যায়। দুই দিন সাগরে মাছ ধরার পর বুধবার (২৬ আগস্ট) পায়রা বন্দরের শেষ বয়ার কাছাকাছি এলাকায় জেলেদের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে।
পরে বিকেলে মাছগুলো আলীপুর মৎস্য বন্দরের সিফাত ফিসে নিয়ে আসা হলে নিলামের মাধ্যমে তা ২০ লাখ টাকায় বিক্রি হয়।
ট্রলারটির মাঝি বাদশা জানান, দীর্ঘদিন ধরে সাগরে বড় ধরনের ইলিশের দেখা মিলছিল না। হঠাৎ একদিনেই প্রায় ৮০ থেকে ৯০ মণ ইলিশ ধরা পড়ে। তবে আকারে মাছগুলো তুলনামূলক ছোট।
এদিকে, কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কিছুদিন সাগরে ইলিশের খরা চলছিল। তবে বর্তমানে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টি হলে আরও বেশি ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।
আলীপুর-মহিপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র। দীর্ঘদিন পর একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় জেলে, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























