নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এবার বাংলাদেশের গঙ্গা-পদ্মা অববাহিকায় সতর্কতা জারি করা হয়েছে। নেপালের পাহাড়ি ঢলের পানি ভারতের গঙ্গা হয়ে ফারাক্কা বাঁধ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, তিব্বত-নেপাল সীমান্তে সৃষ্ট বন্যার পানি ভোটি কোশি ও ত্রিশুলি নদী হয়ে নারায়ণী-গণ্ডক নদীব্যবস্থায় প্রবেশ করেছে। সেখান থেকে পানি ভারতের বিহারের মধ্য দিয়ে গঙ্গায় যুক্ত হবে।
ইতোমধ্যে সম্ভাব্য পানি বৃদ্ধির আশঙ্কায় বিহারের ভাল্মিকিনগর গণ্ডক বাঁধের ৩৬টি গেটই খুলে দেওয়া হয়েছে। এরপর অতিরিক্ত পানি হাজিপুর-সোনপুর হয়ে গঙ্গায় প্রবাহিত হয়ে পূর্ব দিকে এগিয়ে ফারাক্কা অতিক্রম করে বাংলাদেশের গঙ্গায় প্রবেশ করতে পারে। পরে যমুনার সঙ্গে মিলিত হয়ে এই পানি পদ্মার প্রবাহে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে নেপালের এই পাহাড়ি ঢলের পানি ঠিক কবে বাংলাদেশে পৌঁছাবে, তা এখনই নির্ভরযোগ্যভাবে বলা যাচ্ছে না। নদীপথে দীর্ঘ দূরত্ব অতিক্রমের সময় পানির প্রবাহের তীব্রতা অনেকটাই কমে যেতে পারে।
গবেষক মোস্তফা কামাল পলাশ গঙ্গা-পদ্মা তীরবর্তী, বিশেষ করে চরাঞ্চলের মানুষকে আতঙ্কিত না হয়ে আগামী কয়েক দিন নদীর পানির উচ্চতার পরিবর্তনের ওপর সতর্ক নজর রাখার পরামর্শ দিয়েছেন।
এদিকে বিহারের কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্রে গঙ্গার পানি ইতোমধ্যেই বিপৎসীমার ওপরে থাকায় ভাটির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 





















