আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া) আসনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সম্ভাব্য প্রার্থিতা ঘিরে স্থানীয় বিএনপির কার্যক্রম জোরদার হয়েছে।
বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলা বিএনপি ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ৭১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। এর মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের উপদেষ্টা পরিষদের প্রথম সদস্য হিসেবে রাখা হয়েছে খালেদা জিয়ার নাম।
উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, “পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন।”
ফুলগাজী খালেদা জিয়ার পৈতৃক এলাকা। তিনি এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। স্থানীয় নেতাদের প্রত্যাশা, আগামীতেও তিনি এখান থেকে প্রার্থী হবেন। তবে এ বিষয়ে এখনো কেন্দ্রীয় বিএনপির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

