এবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় পুরো ঘটনা জেনে মন্তব্য করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের ভেতরে দুই পক্ষের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা হয়েছে।
রাশেদ খাঁনের দাবি, ২৩ কাঠা জমির মধ্যে ৮ কাঠা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে জমির মালিকদের লোকজন গেট ভাঙতে গিয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওও ভাঙচুর করে। বিষয়টিকে তিনি ‘অনাকাঙ্ক্ষিত’ বলে উল্লেখ করেন।
তিনি আরও দাবি করেন, এ ঘটনায় বিএনপি বা কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। সালমান মুক্তাদির সব পক্ষের সঙ্গে কথা না বলে বিএনপির লোকজন চাঁদা না দেওয়ায় স্টুডিও ভাঙচুরের অভিযোগ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন আশা প্রকাশ করেন, সালমান মুক্তাদির এবার ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরবেন এবং দোষীরা শাস্তি পাবে।

ডেস্ক রিপোর্ট 






















