বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা একবার দেশ ছেড়ে চলে গেছেন, তারা দেশে ফেরার বার্তা দিয়ে নিজেদের নেতাকর্মীদের ঝুঁকির মধ্যে ফেলছেন।
সোমবার (২৭ জুলাই) রাতে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বিদেশ থেকে দেশে ফেরার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের মাঠে নামানো হচ্ছে। এতে তারা হামলা বা গণপিটুনির মতো ঘটনার শিকার হতে পারেন বলেও দাবি করেন তিনি।
বক্তব্যে তিনি শিক্ষামন্ত্রীরও সমালোচনা করেন। তার অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতার দায় শিক্ষকদের ওপর চাপিয়ে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। পাশাপাশি অতীতের দুর্নীতি এবং ক্ষমতাসীনদের পরিবারের সম্পদ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়েও অভিযোগ করেন এনসিপির এই নেতা। তার দাবি, মন্ত্রীর সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের মতো দখলভিত্তিক রাজনীতি করার চেষ্টার অভিযোগও তোলেন তিনি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, দেশের মানুষ রাজনৈতিক সংস্কার প্রত্যাশা করলেও নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপি ও তাদের মিত্ররা সেই অবস্থান থেকে সরে এসেছে। ঐকমত্য কমিশনের আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।
আখতার হোসেন আরও দাবি করেন, দেশের অধিকাংশ মানুষ গণভোটের পক্ষে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, দখলদারিত্বের রাজনীতি দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ) ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমাদ।
এর আগে চুয়াডাঙ্গায় পদযাত্রা শেষে সন্ধ্যায় এনসিপির নেতাকর্মীরা মেহেরপুরের গাংনীতে পৌঁছান। সমাবেশ শেষে পুলিশি নিরাপত্তায় তারা কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন।

ডেস্ক রিপোর্ট 

























