হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জুলাই পদযাত্রায় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তিনি।
মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম লেখেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই অতর্কিত ও সশস্ত্র হামলা চালিয়েছেন। এতে বেশ কয়েকজন সাংবাদিক এবং এনসিপি নেতাকর্মী আহত হয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এই হামলা সংঘটিত হয়।
তিনি আরও লেখেন, এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে গিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতর এমন ন্যাক্কারজনক কাণ্ড ঘটানো হয়েছে। সন্ত্রাসীরা কেবল মাইক্রোবাস ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি। তারা মোবাইল ফোন এবং ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে।
এনসিপি আহ্বায়ক এমন ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

ডেস্ক রিপোর্ট 


















