সুন্দরবনে সম্প্রতি ঘন ঘন দেখা মিলছে রয়েল বেঙ্গল টাইগারের। বন কর্মকর্তারা বলছেন, এটি বনে বাঘের সংখ্যা বাড়ার ইতিবাচক ইঙ্গিত হতে পারে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের তথ্য অনুযায়ী, গত তিন মাস ধরে জেলে ও পর্যটকদের প্রবেশ বন্ধ থাকায় বনে মানুষের উপস্থিতি অনেক কমেছে। ফলে বাঘগুলো এখন আরও স্বাভাবিকভাবে নিজেদের আবাসস্থলে চলাফেরা করছে। এ কারণেই নদী-খাল সাঁতরে যাওয়া, এমনকি বন অফিসের আশপাশেও বাঘের দেখা মিলছে।
বন বিভাগের কর্মকর্তারা আরও জানান, সুন্দরবনে হরিণের সংখ্যাও বেড়েছে। আর হরিণের সংখ্যা বৃদ্ধি সাধারণত বাঘের জন্য ইতিবাচক, কারণ এটি তাদের প্রধান খাদ্য। তাই বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী ২০২৭ সালের বাঘ জরিপে সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করছেন তারা।
সবশেষ ২০২২–২৩ সালের জরিপে সুন্দরবনে পূর্ণবয়স্ক রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ছিল ১২৫টি। বন বিভাগ বলছে, বাঘ ও তাদের আবাসস্থল রক্ষায় বিদ্যমান ব্যবস্থাপনা কার্যকরভাবে বজায় রাখা গেলে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে। একই সঙ্গে নিয়ন্ত্রিত ইকো-ট্যুরিজমের মাধ্যমে পর্যটন ও বন্যপ্রাণী সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখার পরিকল্পনাও রয়েছে।

ডেস্ক রিপোর্ট 























