পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে কলেজছাত্রী ও তার বৃদ্ধ বাবাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নুর ও সেক্রেটারি কে এম তামিম এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় ছাত্রদল ও বিএনপি নেতাদের সহযোগিতায় কলেজছাত্রীকে অশ্লীল ইঙ্গিতপূর্ণ কথা বলার পর প্রতিবাদ করায় ওই ছাত্রী ও তার ৭০ বছর বয়সী বাবাকে নির্মমভাবে মারধর করা হয়। বর্তমানে তারা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

ছাত্রশিবির অভিযোগ করে জানায়, শুধু গত এক বছরে সারা দেশে অন্তত ৪৪টি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ছাত্রদলের সংশ্লিষ্টতা গণমাধ্যমে উঠে এসেছে। দীর্ঘদিন ধরে ছাত্রদলের নেতা-কর্মীরা সাইবার বুলিং, শেমিং, ক্যাম্পাসে নির্যাতনসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়লেও দলীয়ভাবে শক্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং নামমাত্র বহিষ্কার নাটকের আশ্রয় নেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ প্রশাসনের কাছে ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নারী নির্যাতন ও দায় চাপানোর রাজনীতি পরিহার করে ছাত্রদলকে সত্য, ন্যায় ও গঠনমূলক রাজনীতির পথে ফেরার আহ্বান জানান।