বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি ইসলামিক দল ক্ষমতায় যাওয়ার জন্য মানুষিক ভারসাম্য হারিয়ে ফেলছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রমনা কালী মন্দির পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রূপ পরিবর্তন মানুষ ভালোভাবে নেয়নি। পূজাকে কেন্দ্র করে দেশে যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এগুলো একটি ষড়যন্ত্রের অংশ।
পার্শ্ববর্তী দেশও বিভিন্নভাবে নষ্ট করার উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, পরাজিত শক্তি বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

