২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান আকস্মিক কোনো ঘটনা নয়; বরং জিয়া পরিবারের নেতৃত্বে বিএনপির টানা ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফল— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, বেগম খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের রক্তঝরা আন্দোলনই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করে। তার ভাষায়, ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে যে গণজাগরণ শুরু হয়, তা শেষ পর্যন্ত ৫ আগস্ট স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি পায়।
রিজভীর দাবি, মানুষের বাক্-স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার লড়াই থেকেই সেই আন্দোলনের শক্তি তৈরি হয়েছিল। তিনি বলেন, জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়কে একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের অধ্যায় হিসেবে দেখা উচিত।
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির কর্মসূচির কথাও তুলে ধরেন রিজভী। তিনি জানান, আগামী ৪ আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান এবং সভাপতিত্ব করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ডেস্ক রিপোর্ট 























