বাংলাদেশ-ভারত সম্পর্কের সৌহার্দ্যের প্রতীক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। উপহার হিসেবে পাঠানো হয়েছে ত্রিপুরার বিখ্যাত ৭৮০ কেজি কিউ জাতের আনারস।
বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছায় ১০০টি বক্সে রাখা মোট ৬২০টি আনারস। প্রতিটি আনারসের গড় ওজন এক কেজিরও বেশি।
আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় আনুষ্ঠানিকভাবে উপহারসামগ্রী গ্রহণ করেন বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের প্রতিনিধি, আখাউড়া ইমিগ্রেশন ও কাস্টমস কর্মকর্তারা। অন্যদিকে ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় জানান, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এই শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























