বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই ভারত সফর করবেন এমন আশাবাদ ব্যক্ত করে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, নয়াদিল্লি তারেক রহমানকে স্বাগত জানাতে সাগ্রহে অপেক্ষা করছে।
বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ত্রিবেদী বলেন, এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তবে আমাদের পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশের সরকার প্রধানকে ভারতে স্বাগত জানাতে আমরা সাগ্রহে অপেক্ষায় রয়েছি। আশা করি, খুব শিগগিরই তিনি এ সফর করবেন।
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের ওপর নির্ভর করবে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ওই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন।

ডেস্ক রিপোর্ট 


















