অর্থ ও পেশিশক্তির ভিত্তিতে গড়ে ওঠা পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে জনগণ এখন আর মানতে রাজি নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত “বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫”-এর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান শুধু রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনের জন্য ঘটেনি; বরং পুরো ফ্যাসিবাদী ব্যবস্থাকে পাল্টে ফেলার জন্যই ঘটেছে।”

‘রিফর্ম অ্যান্ড রিয়েলিটি : বাংলাদেশ চেঞ্জিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ শাহান। এতে অংশ নেন অক্সফোর্ড ইউনিভার্সিটির উন্নয়ন অধ্যয়ন বিভাগের লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

আলোচনার শুরুতে ড. ডেভিড জ্যাকম্যান বলেন, “বাংলাদেশে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে প্রতিটি জায়গায় টাকার ব্যবহার বাড়ছে। এর ফলে চাঁদাবাজির প্রবণতা বেড়ে যায়। এ ছাড়া ক্ষমতা দেখানোর সংস্কৃতি বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।”

এর জবাবে তাসনিম জারা উল্লেখ করেন, “বাংলাদেশের মানুষ টাকা ও পেশিশক্তির রাজনীতি আর দেখতে চায় না। গণ-অভ্যুত্থানই প্রমাণ করেছে জনগণ এই সংস্কৃতিকে প্রত্যাখ্যান করেছে।”

দুই দিনব্যাপী এই কনফারেন্সের আয়োজন করে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)।