জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে প্রথম কাজ হবে গুমের সংস্কৃতি বন্ধ করা—এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে বাংলা একাডেমিতে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সংগঠন মায়ের ডাক আয়োজিত এক আলোচনাসভায় তিনি বলেন, “যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, ইনশাআল্লাহ গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রথমেই আইন প্রণয়ন এবং তা কার্যকর করার সবকিছু আমরা করব। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে আর কোনোদিন গুমের শিকার হয়ে কাউকে স্বজনের ছবি নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে না।”

গুমের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১,৮৫০ জন গুমের শিকার হয়েছেন, যাদের মধ্যে ৩৫০ জন এখনো ফেরত আসেননি।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আজীবন ক্ষমতায় থাকার জন্যই গুম-খুনের মতো ঘটনা ঘটিয়েছে।”

নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “বর্তমানে সব দলের মধ্যে ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে একটি মহল। তারা নির্বাচন নিয়ে দ্বিমত পোষণ করছে। অনেকে কমিশনের রোডম্যাপকে স্বাগত জানায়নি, বরং ষড়যন্ত্র শুরু করেছে। বলছে, এই রোডম্যাপে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হলে দেশে জবাবদিহির সংস্কৃতি তৈরি হবে। এজন্য দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।