বিগত সরকার দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে প্রধানমন্ত্রী তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। এ সংকটময় সময়ে সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি সরকারকে সহযোগিতা করতে হবে।
শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভ্যাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিফ হুইপ।
মো. নূরুল ইসলাম অভিযোগ করেন, বিগত সরকারের একজন মন্ত্রী বিদেশে ৩৫৬টি বাড়ি করেছেন। আরেকজন একাই দুই লাখ কোটি টাকা লুট করেছেন। বিদ্যুৎ খাতেও লক্ষাধিক কোটি টাকা লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, পরে তাদের ইনডেমনিটিও দেওয়া হয়েছে।
চিফ হুইপ বলেন, এমন একটি ভঙ্গুর অর্থনীতির দেশকে পুনরুদ্ধার করতে তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমে তিনি সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করছেন।
দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে অনর্থক সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সম্মিলিত যাদুশিল্পী সংস্থার সভাপতি মিনহাজুর রহমান যুবরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমান এবং ম্যাজিক আইকন আলী রাজ। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 




















