এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জন্য রাস্তায় কেক রেখে যাওয়ার ঘটনায় এলাকায় আলোচনা তৈরি হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে জেলা শহরের ফকিরাপুল ব্রিজের উপর কেকটি রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা।
পরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে এ–সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। ভিডিওতে অজ্ঞাত এক ব্যক্তির কণ্ঠে বলতে শোনা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সদর মডেল থানার ওসির জন্য কেকটি পাঠানো হয়েছে।
পুলিশ প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশার কথাও বলা হয় ভিডিওতে। একই সঙ্গে জুলাই আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার এবং ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও দাবি করা হয়। ভিডিওতে সদর মডেল থানার ওসিকে কেকটি সহকর্মী এবং বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ভাগ করে খাওয়ার অনুরোধ জানানো হয়।
এছাড়া রেখে যাওয়া কেকটির ওপর লেখা ছিল, ‘শুভ জন্মদিন শেখ হাসিনা’। এর নিচে লেখা ছিল, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার ওসির জন্য’। কেকটিতে বাংলাদেশের জাতীয় পতাকার ছবিও আঁকা ছিল। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, ‘কে বা কারা রাস্তার পাশে একটি কেক রেখে গেছে। সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে।’

ডেস্ক রিপোর্ট 






















