রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন ক্রু সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিমানটি পারমানবিক বোমা বহনে সক্ষম একটি যুদ্ধযান।
মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সামরিক বাহিনীর কৌশলগত বোমারু বিমান টিইউ-৯৫ নিয়মিত প্রশিক্ষণ মহড়ার সময় দুর্গম একটি এলাকায় বিধ্বস্ত হয়। রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো অস্ত্র ছিল না।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে থাকা আরও একজন ক্রু সদস্য দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিমানবাহিনীর কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রুশ কর্তৃপক্ষ। তবে রুশ আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলগুলোতে দাবি করা হয়েছে, বিমানের ইঞ্জিনে আগুন ও বিস্ফোরণের পর এটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, টিইউ-৯৫ বিমানটি রাশিয়ার অন্যতম বড় দূরপাল্লার বিমানঘাঁটি ইউক্রাইঙ্কা এয়ারবেসে মোতায়েন ছিল। আমুর অঞ্চলের ক্রাসনোইয়ারোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে।
ক্রাসনোইয়ারোভো গ্রামটি ইউক্রাইঙ্কা বিমানঘাঁটি থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত। দুর্ঘটনার পর ঘটনাস্থলে তদন্ত ও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।
সূত্র: মস্কো টাইমস

ডেস্ক রিপোর্ট 


















