রাজধানীর কাকরাইলে সংঘর্ষে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের কিছুটা জ্ঞান ফিরেছে। শনিবার (৩০ আগস্ট) সকালে তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। সেখানে নাকে ব্যান্ডেজ ও মুখে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে থাকা নুরের দুটি ছবিও প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত, ফেটে গেছে নাক। দলীয় নেতাকর্মীরা স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নিয়ে যান।
রাতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, চিকিৎসকরা নুরের মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 

























