বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা ইসহাক জোমাদ্দারকে গুলি করে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদাবর থানার উপপরিদর্শক মহেশ চন্দ্র সিংহ তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে আদাবর থানার শ্যামলী ক্লাব মাঠের বিপরীতে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন ইসহাক জোমাদ্দার। গুরুতর অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় ইসহাক নিহত হন। মামলার সুষ্ঠু তদন্ত এবং শাহজাহান ওমর জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে যেতে পারেন—এমন আশঙ্কায় তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
এদিকে, শাহজাহান ওমরের বিরুদ্ধে নিউমার্কেট ও ঝালকাঠির রাজাপুর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, দুর্নীতি ও বিস্ফোরক আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























