মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের জবাবে ইরান দেশটির প্রস্তাবকে ‘একপাক্ষিক ও অন্যায্য’ হিসেবে অভিহিত করেছে। তবে ইরান ইঙ্গিত দিয়েছে যে, ভবিষ্যতে সমঝোতার কোনো পথ তৈরি হতে পারে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, প্রস্তাবটি দেশের শীর্ষ নেতৃত্ব এবং সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতিনিধির কাছে উপস্থাপন করা হয়েছে। তিনি জানান, প্রস্তাবটিতে ইরানকে তাদের প্রতিরক্ষা সক্ষমতা ছাড়তে বলা হয়েছে, বিনিময়ে কিছু অস্পষ্ট পরিকল্পনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাবে সফল আলোচনার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শর্ত নেই এবং এখনও কোনো বাস্তবসম্মত আলোচনার কাঠামো তৈরি হয়নি।
এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, সরাসরি কোনো আলোচনা না হলেও পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ বার্তা বিনিময় চলছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে, যা ইরান বর্তমানে পর্যালোচনা করছে। এই কূটনৈতিক প্রচেষ্টায় তুরস্ক, মিশরসহ আরও কয়েকটি দেশ সহায়তা করছে।
ইসহাক দার আরও বলেন, গণমাধ্যমে সরাসরি শান্তি আলোচনার কথা বলা হলেও বাস্তবে এগুলো মূলত পর্দার আড়ালে বার্তা বিনিময়ের মাধ্যমে হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 






















