তারেক রহমান-কে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র মুখপাত্র রাশেদ প্রধানকে নিজ জেলাতেই ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা আসে। সমাবেশে বক্তারা রাশেদ প্রধানের বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং দ্রুত তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
এর আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় পৌঁছায়। এসময় উত্তেজিত কিছু নেতাকর্মী জাগপার দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর করে এবং ভেতরের চেয়ার, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করে।
পরে মিছিলটি চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়, যেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে নেতাকর্মীরা ভবিষ্যতে এ ধরনের বক্তব্যের পুনরাবৃত্তি হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

ডেস্ক রিপোর্ট 
























