গণঅধিকার পরিষদের নেত্রী ও আলোচিত মডেল মেঘনা আলম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদানের ঘোষণা দিয়েছেন।
বুধবার (৬ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, মেঘনা আলম গত ১২ এপ্রিল বিএনপিতে যোগদান করেন।
ব্যক্তিগত সহকারীর পাঠানো বার্তায় মেঘনা আলম বলেন, বিএনপির বিভিন্ন কর্মসূচিতে দীর্ঘদিন ধরে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছি। সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও সাধারণ মানুষের কাছ থেকে বারবার শুনেছি, আমার চেহারা ও সংগ্রামের পথের সঙ্গে খালেদা জিয়ার দৃঢ়তা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতার একটি মিল খুঁজে পান তারা।
তিনি আরও বলেন, আমার ব্যক্তিগত জীবনেও মিথ্যা অভিযোগ, মিডিয়া ট্রায়াল এবং অযৌক্তিক চাপের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর বাস্তবতা মানুষের এই উপলব্ধিকে আরও শক্তিশালী করেছে।
এছাড়া, অতীতে তাকে ঘিরে সৃষ্ট বিতর্কিত পরিস্থিতিতে বিএনপির বুদ্ধিজীবী মহল জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তার পক্ষে অবস্থান নিয়েছিল বলেও উল্লেখ করেন মেঘনা আলম। এই সমর্থন, আস্থা ও দলের আদর্শ থেকেই বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
ভবিষ্যতে দলের সিনিয়র নেতৃত্ব বা রাষ্ট্রের দায়িত্বশীল পর্যায় থেকে কোনো দায়িত্ব দেওয়া হলে তা পালনে প্রস্তুত থাকার কথাও জানান তিনি।
সবশেষে মেঘনা আলম বলেন, দেশের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, এই বিশ্বাসে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

ডেস্ক রিপোর্ট 


















