দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। গত ১ মে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন, যার নাম রাখা হয়েছে ভিভিয়ানা। গতকাল বৃহস্পতিবার এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে লেভিট নিজেই এই আনন্দ সংবাদটি বিশ্ববাসীকে জানান লেভিট।
স্বামী নিকোলাস রিসিওর সঙ্গে এটি লেভিটের দ্বিতীয় সন্তান। লেভিট জানান, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছে এবং তাদের বড় ছেলেও ছোট বোনকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত।
সন্তান জন্ম দেওয়ার মাত্র এক সপ্তাহ আগেও লেভিটকে ‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে’ সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। বর্তমানে তিনি মাতৃত্বকালীন ছুটিতে থাকায় হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ ব্রিফিং পরিচালনার জন্য মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
লেভিটের অনুপস্থিতিতে গত মঙ্গলবার প্রথমবারের মতো ব্রিফিং রুমে হাজির হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশেষ করে ইরান ইস্যুতে তার সাবলীল বক্তব্যের জন্য হোয়াইট হাউসের কর্মকর্তারা রুবিওর ভূয়সী প্রশংসা করেছেন।
প্রসাশনিক সূত্রে জানা গেছে, লেভিটের ছুটির এই সময়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও নিয়মিত ব্রিফিংয়ে দেখা যেতে পারে। এছাড়া ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টসহ টিভি টকশোতে অভিজ্ঞ কর্মকর্তাদের এই দায়িত্ব পালনের সম্ভাবনা রয়েছে। এমনকি পরিস্থিতি বিবেচনায় খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সরাসরি ব্রিফিং রুমে হাজির হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মূলত লেভিটের অনুপস্থিতিতেও যেন হোয়াইট হাউসের যোগাযোগ ও তথ্য সরবরাহ প্রক্রিয়া নিরবচ্ছিন্ন থাকে, সেজন্যই এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















