হাসিখুশি ও প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হওয়ার পর কারিনার শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয়। পরে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে নেওয়া হয়।
কারিনার বাবা সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, তার মরদেহ রবিবার বিকেলে এয়ার অ্যাম্বুল্যান্সে দেশে আনা হবে।
বিমানবন্দরে পৌঁছনোর পর মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী ডিওএইচএসে। সেখানে কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এশার আগে বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা এবং সোমবার বাদ জোহর তৃতীয় জানাজা শেষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামে দাফন করা হবে।
১৯৯৪ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করেন কারিনা কায়সার। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত ছিলেন তিনি।

ডেস্ক রিপোর্ট 






















