বাগেরহাটের ফকিরহাটে মো. তালহা নামের সাড়ে ৬ বছর বয়সী এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২৩ মে) সন্ধ্যায় অভিযুক্ত সৎ মা রুবাইয়া আক্তার (২৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এর আগে, সকাল ১০টার দিকে উপজেলার লখপুর গ্রামে এপিসি ফার্মাসিউটিক্যালস-এর পেছনের একটি ভাড়া বাড়ি থেকে পানি ভর্তি বালতির মধ্যে মাথা নিচু অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মো. তালহা (৬ বছর ৭ মাস) লখপুর গ্রামের সৈকত হোসেন পাপ্পু ও মনিরা খানমের ছেলে। তালহা তার বাবা ও সৎ মা রুবাইয়ার সঙ্গে ওই ভাড়া বাড়িতে থাকত। তার আপন মা মনিরা খানম অন্যত্র বিয়ে করে আলাদা বসবাস করছেন।
কান্নায় ভেঙে পড়ে শিশুর আপন মা মনিরা খানম বলেন, ‘ফোনে ছেলের অসুস্থতার খবর পেয়ে আমি এখানে ছুটে আসি। এসে শুনি আমার ছেলে নাকি বালতির পানিতে ডুবে মারা গেছে! কিন্তু ওই বালতিতে সামান্য পানি ছিল। আমার অত বড় ছেলে অতটুকু পানিতে ডুবে মারা যাওয়ার মতো না। আমার দৃঢ় বিশ্বাস, ওর সৎ মা-ই ওকে চুবিয়ে মেরে ফেলেছে।’
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, আপতদৃষ্টে এটিকে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেস্ক রিপোর্ট 



















