চট্টগ্রামের কর্ণফুলীতে ঈগল বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮ টার দিকে উপজেলার ক্রসিং শিকলবাহা আদর্শ পাড়ার তালতল এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম ও চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলেম আশেক। তবে তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগল পরিবহনের (চট্টগ্রাম- জ-১১-০১১৬) বাসটি উল্টো পথে দ্রুতগতিতে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে যাচ্ছিল এ-সময় বিপরীত দিক থেকে আসা (চট্টগ্রাম- (ছ-১১-০১১৫) থ্রি হুইলার লেগুনাটিকে ধাক্কা দেন। এতে লেগুনাটি মূহুর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় দুইটি গাড়িতে থাকা একাধিক যাত্রী হতাহত হয় বলে জানা যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা হতাহতের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।
চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলেম আশেক বলেন, এখন পর্যন্ত দুই মারা মারা গেছে আরও ৩০ মত চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে এসেছি। এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। দূঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেস্ক রিপোর্ট 


















