২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে তার দুর্দান্ত পারফরম্যান্সের আড়ালে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি বিতর্কিত ফাউল। আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির ওপর করা মেসির একটি চ্যালেঞ্জ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকদের মধ্যেও তুমুল আলোচনা চলছে।
ম্যাচের এক পর্যায়ে বল দখলের লড়াইয়ে মান্দিকে ট্যাকল করতে গিয়ে বলের বদলে সরাসরি তার পায়ে আঘাত করেন মেসি। টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, আর্জেন্টাইন তারকার বুটের স্টাড মান্দির কাফ পেশির পেছনের অংশে লাগে। ঘটনাটি বিপজ্জনক মনে হলেও রেফারি কেবল ফ্রি-কিক দেন, কোনো কার্ড দেখাননি। এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থেকেও হস্তক্ষেপ করা হয়নি।
ঘটনার পরপরই মেসি প্রতিপক্ষ খেলোয়াড়ের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেন। তবে সেটি বিতর্ক থামাতে পারেনি। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে সমালোচনায় সরব হন একাধিক ফুটবল বিশ্লেষক। তাদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বড় তারকা খেলোয়াড় হওয়ার কারণে মেসি কি রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পেয়েছেন?
বিশ্লেষকদের একটি অংশের দাবি, ঘটনাটি লাল কার্ড পাওয়ার মতো গুরুতর ছিল। তাদের মতে, একই ধরনের ফাউল অন্য কোনো খেলোয়াড় করলে ভিন্ন সিদ্ধান্তও দেখা যেতে পারত।
রেফারির এই সিদ্ধান্ত আর্জেন্টিনার জন্য স্বস্তির কারণ বলেও মনে করছেন অনেকে। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সংখ্যক হলুদ কার্ড জমা হলে খেলোয়াড়কে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। নকআউট পর্বের আগে মেসিকে কোনো শাস্তির ঝুঁকিতে না পড়তে হওয়ায় আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে বলেই মত বিশ্লেষকদের।
এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। অনেক সমর্থক প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন একটি ফাউল কীভাবে কার্ড ছাড়া পার পেয়ে গেল। কেউ কেউ রেফারির সিদ্ধান্তকে ‘অত্যন্ত নরম’ বলেও মন্তব্য করেছেন।
তবে অন্য একটি পক্ষের ধারণা, টুর্নামেন্টের শুরুতে একাধিক লাল কার্ড প্রদর্শন নিয়ে সমালোচনার পর রেফারিরা হয়তো কিছুটা সংযত অবস্থান নিয়েছেন। ফলে বিতর্কিত হলেও মেসি বড় ধরনের কোনো শাস্তি এড়িয়ে যেতে সক্ষম হয়েছেন।
এখন দেখার বিষয়, পরবর্তী ম্যাচগুলোতে একই ধরনের ঘটনায় রেফারিরা কী অবস্থান নেন এবং এই বিতর্ক নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা কোনো প্রতিক্রিয়া জানায় কি না।

ডেস্ক রিপোর্ট 






















