বাংলাদেশ ও পাকিস্তানে হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম ছড়িয়ে পড়ছে বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই এই দুই দেশে সংগঠনটির তৎপরতা পর্যবেক্ষণ করছে ইসরায়েল।
আজারের দাবি, মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের প্রভাব বিস্তারের আশঙ্কা রয়েছে এবং অন্যান্য গোষ্ঠীও ৭ অক্টোবরের হামলাকে অনুসরণ করতে পারে। তিনি বলেন, “আমরা পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যক্রম পর্যবেক্ষণ করছি।”
সাক্ষাৎকারে পাকিস্তানের কূটনৈতিক ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ইসরায়েলি রাষ্ট্রদূত। একই সঙ্গে কাতারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।
এদিকে ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতা প্রসঙ্গে আজার বলেন, তেহরানকে নিয়ে যেকোনো আন্তর্জাতিক সমঝোতায় আঞ্চলিক নিরাপত্তা ও হুমকির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

ডেস্ক রিপোর্ট 






















