স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই ব্রাজিলিয়ান তারকা নেইমারের সামনে থাকবে ইতিহাস গড়ার সুযোগ। আর যদি গোলের দেখা পান, তাহলে ফুটবলের রাজা পেলের একটি অনন্য বিশ্বকাপ রেকর্ডে ভাগ বসাবেন তিনি।
পেলে ব্রাজিলের একমাত্র ফুটবলার হিসেবে চারটি ভিন্ন বিশ্বকাপে (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০) গোল করার কীর্তি গড়েছিলেন। অন্যদিকে নেইমার ইতোমধ্যে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গোল করেছেন। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে জাল খুঁজে পেলেই চার বিশ্বকাপে গোল করা দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার হয়ে যাবেন তিনি।
চোটের কারণে চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার। তবে স্কটল্যান্ডের বিপক্ষে তার ফেরার সম্ভাবনা রয়েছে। যদিও কোচ কার্লো আনচেলত্তি তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না, তবুও বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পেতে পারেন এই তারকা।
নেইমারের প্রত্যাবর্তন শুধু ব্রাজিলের আক্রমণভাগকেই শক্তিশালী করবে না, বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লেখার সুযোগও এনে দেবে।

ডেস্ক রিপোর্ট 


















