আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন গুম-সংক্রান্ত সব মামলার নিষ্পত্তি আগামী এক বছরের মধ্যেই সম্পন্ন করার আশা প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ আয়োজিত জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর জানান, গুমের অভিযোগগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ট্রাইব্যুনাল দ্রুত ও কার্যকরভাবে মামলাগুলোর নিষ্পত্তির লক্ষ্যে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার এবং চলতি বাজেটেই এ খাতে অর্থ বরাদ্দের ব্যবস্থা রাখা হবে।
গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও সহায়তার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান তিনি।
অন্যদিকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গুম ও ক্রসফায়ারের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করতে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠনের আহ্বান জানান। তার মতে, এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে সংসদীয় উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বক্তারা গুম ও নির্যাতনের শিকার পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ডেস্ক রিপোর্ট 























